সারাদেশ

নবাবগঞ্জে ২.২৪ একর বনভূমি দখলমুক্ত, শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি

  মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ২৭ মার্চ ২০২৬ , ১১:৫১:১৪ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধভাবে দখলকৃত ২.২৪ একর সংরক্ষিত বনভূমির জায়গা উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধারকৃত ওই জমিতে তাৎক্ষণিকভাবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে বনায়ন কার্যক্রম শুরু করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার মধ্যপাড়া রেঞ্জের আফতাবগঞ্জ বিটের জয়পুর মৌজার কালিরহাট বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন মধ্যপাড়া রেঞ্জ কর্মকর্তা আল আমিনসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
বন বিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তি অবৈধভাবে সংরক্ষিত বনভূমি দখল করে সেখানে গরুর খামার ও রাইস মিল স্থাপন করেছিলেন। এ বিষয়ে বন বিভাগের পক্ষ থেকে তার বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয় এবং একাধিকবার নোটিশ প্রদান করা হলেও তিনি তা উপেক্ষা করেন।
পরবর্তীতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বন বিভাগ উচ্ছেদ অভিযান পরিচালনা করে দখলমুক্ত করে পুরো ২.২৪ একর বনভূমি উদ্ধার করে। এরপরই সেখানে বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বাড়াতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বন বিভাগ জানিয়েছে, বনভূমি রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে ভবিষ্যতেও নিয়মিতভাবে উচ্ছেদ অভিযান ও বনায়ন কার্যক্রম পরিচালনা করা হবে।

আরও খবর

Sponsered content