সারাদেশ

মাধবপুরে মাটি পাচারকালে আটক ৫ জনকে ছেড়ে দেওয়ায় সমালোচনা

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ৩০ মার্চ ২০২৬ , ১২:০২:৫০ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুরে রাতের আঁধারে অবৈধভাবে মাটি উত্তোলন ও পাচারের সময় সেনাবাহিনীর অভিযানে আটক পাঁচজনকে পরদিন ছেড়ে দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা যায়, শনিবার (২৮ মার্চ) গভীর রাতে উপজেলার শাহজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে সেনাবাহিনী অবৈধ মাটি পাচারের সঙ্গে জড়িত কয়েকজনকে আটক করে। এ সময় একটি ভেকু (এক্সকাভেটর) মেশিন ও দুটি ড্রাম ট্রাক জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।

আটকরা হলেন—সম্বু সরকার (৬০), রেদোয়ান আহমদ সোহাগ (১৭), মারুফ মিয়া (১৭), সোহেল খান (৪৯) ও সালমান (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৯ মার্চ) সকালে তাদের ছেড়ে দেওয়া হয়, যা নিয়ে জনমনে প্রশ্ন ও ক্ষোভ তৈরি হয়েছে।

এদিকে, মো. রিপন মিয়া (এমডি রিপন) নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, মাটি কাটার কাজ বৈধ হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে এবং এ কার্যক্রম চলমান থাকবে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, “সেনাবাহিনী তাদের আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো আইনি প্রক্রিয়ার নির্দেশনা পাওয়া যায়নি।”

সেনাবাহিনীর মেজর আসিফ বলেন, “এটি আমাদের এখতিয়ারের বাইরে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা করার বিষয়টি সংশ্লিষ্ট সংস্থার।”

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেম জানান, রাতে মাটি পাচারের অভিযোগে পাঁচজনকে আটকের বিষয়টি তিনি জেনেছেন। তবে সকালে তাদের ছেড়ে দেওয়ার বিষয়ে তিনি অবগত নন। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও খবর

Sponsered content