মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২৬ , ৪:৪৮:৩০ প্রিন্ট সংস্করণ
মাগুরার শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম। এ সময় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস, আনসার ভিডিপি কর্মকর্তা নারগিস পারভিন, খামারপাড়া মাদ্রাসার অধ্যক্ষ মো. কাওছার উদ্দিন, আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, কাজলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইবনে আজম, উপজেলা ইমাম সমিতির সভাপতি মো. আক্তারুজ্জামান, সাংবাদিক খান আবু হাসান, ইপিআই টেকনোলজিস্ট তুষার কান্তি ঢালী ও স্বাস্থ্য পরিদর্শক সবিতা রাণী বিশ্বাসসহ সংশ্লিষ্টরা।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশরাফুজ্জামান লিটন ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, উপজেলার প্রতিটি শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা দেওয়া হবে। অসুস্থ শিশুদের সুস্থ হওয়ার পর এবং যেসব শিশু সম্প্রতি হাম টিকা নিয়েছে তাদের নির্ধারিত সময় (২৮ দিন) পার হলে টিকা দেওয়া হবে।
সভায় জানানো হয়, আগামী ২০ এপ্রিল থেকে শ্রীপুর উপজেলায় ১৬ হাজার ৫৯৫ জন শিশুকে টিকার আওতায় আনা হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১৯৩টি কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হবে। এতে ২৫ জন টিকাদানকারী, ৪৯ জন স্বেচ্ছাসেবী এবং ২৪ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।




















