মো. নাজমুল হক মণি, নরসিংদী: ৪ এপ্রিল ২০২৬ , ১২:৩১:৫৮ প্রিন্ট সংস্করণ
নরসিংদীর পলাশে ডাব পারাকে কেন্দ্র করে বিরোধের জেরে মামুন মিয়া (নিহত) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মামুন মিয়া একই গ্রামের মোমেন মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুই দিন আগে প্রতিবেশী ইসমাঈলের ছেলে আজিজুর ইসলাম তার বাড়ির পাশের কয়েকটি ডাব গাছ থেকে মামুনকে দিয়ে ডাব পারান। পরে কিছু ডাব নিয়ে যাওয়াকে কেন্দ্র করে মামুন ও আজিজুরের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
গতকাল বিষয়টি স্থানীয়ভাবে আপোস-মীমাংসা করা হলেও আজিজুর তা মেনে নেননি বলে অভিযোগ। এর জেরে শুক্রবার সকালে মামুনকে বাড়ি থেকে ডেকে নিয়ে আজিজুর ইসলাম, তার ভাই হযরত আলীসহ পরিবারের কয়েকজন সদস্য ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।




















