অর্থ-বাণিজ্য

চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংবাদ সম্মেলন ডাকল বিএনপি, আসছে শতাধিক আসনে প্রার্থীর নাম

  প্রতিনিধি ৩ নভেম্বর ২০২৫ , ২:১৮:১৭ প্রিন্ট সংস্করণ

চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন ডাকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার বিকেল ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে দুপুর ১২টা ৩০ মিনিটে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক বসবে। বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে বিকেল ৩টায় সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত ও রাজনৈতিক অবস্থান তুলে ধরা হবে বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

দলীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শতাধিক আসনে আংশিক এমপি প্রার্থীর নাম ঘোষণা করতে পারে বিএনপি। পরবর্তী ধাপে বাকি আসনগুলোতেও ধীরে ধীরে প্রার্থীর নাম প্রকাশ করবে দলটি।

সম্প্রতি সারাদেশের তিনশ’ আসনে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছে বিএনপির শীর্ষ নেতৃত্ব। ওই সভাগুলোতে প্রায় দেড় হাজারের মতো মনোনয়নপ্রত্যাশী উপস্থিত ছিলেন।

দলের নীতিনির্ধারকরা জানিয়েছেন, ঘোষিত প্রার্থীদের এখন পার্লামেন্টারি বোর্ডের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। এই প্রক্রিয়ায় উত্তীর্ণদেরই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।

বিশ্লেষকদের মতে, এই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি তাদের নির্বাচনী কৌশল ও অবস্থান আরও পরিষ্কারভাবে তুলে ধরবে।

আরও খবর

Sponsered content