অর্থ-বাণিজ্য

রাজনৈতিক দলগুলো নিজ উদ্যোগে আলোচনায় বসুক: আইন উপদেষ্টা আসিফ নজরুল

  প্রতিনিধি ৩ নভেম্বর ২০২৫ , ১২:৫৩:৩৯ প্রিন্ট সংস্করণ

সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সরকার ইতিমধ্যে বহু আলোচনা আয়োজন করেছে, এখন আর নতুন করে কোনও উদ্যোগ নিচ্ছে না। রাজনৈতিক দলগুলো নিজেদের উদ্যোগে আলোচনায় বসে ঐক্যবদ্ধ নির্দেশনা দিলে সরকার তা বিবেচনায় নেবে।

সোমবার (৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এর আগে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

ড. আসিফ নজরুল বলেন, “যেসব রাজনৈতিক দল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন, তারা ১৫ বছর ধরে নিজেদের মধ্যে আলোচনা করে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। তারা প্রতিকূল সময়েও একসঙ্গে আন্দোলন করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন। এখন তারা নিজ উদ্যোগে আলোচনা করে আমাদের একটি ঐক্যবদ্ধ নির্দেশনা দেবেন — এই প্রত্যাশা করছি।”

তিনি আরও বলেন, “গতকাল দেখলাম একটি দলের পক্ষ থেকে আলোচনার আহ্বান জানানো হয়েছে, আমরা সেটিকে স্বাগত জানাই।”

আইন উপদেষ্টা জানান, উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। সভায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়।

“এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে। বর্তমান পরিস্থিতিতে সময় নষ্ট করার কোনও সুযোগ নেই,” — বলেন তিনি।

ড. আসিফ নজরুল আরও জানান, উপদেষ্টা পরিষদের সভায় ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করা হয়েছে।

আরও খবর

Sponsered content