প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৬ , ৬:০৮:০২ প্রিন্ট সংস্করণ
ঢাকা মেট্রোরেলে আধুনিক ডিজিটাল আউট-অফ-হোম (DOOH) বিজ্ঞাপন নেটওয়ার্ক গড়ে তুলতে যৌথ চুক্তি স্বাক্ষর করেছে প্রিয়শপের রিটেইল মিডিয়া প্ল্যাটফর্ম ‘চাটনিঅ্যাডস’ এবং স্মার্ট পার্সেল লকার নেটওয়ার্ক ‘ডিজিবক্স’। সম্প্রতি আয়োজিত এই সমঝোতার মাধ্যমে ঢাকা মেট্রো স্টেশনে থাকা ডিজিবক্সের লকারগুলোকে পার্সেল ডেলিভারির পাশাপাশি একটি আধুনিক বিজ্ঞাপন মাধ্যমে রূপান্তর করা হচ্ছে।
এই চুক্তির ফলে প্রতিদিন মেট্রোরেলে যাতায়াতকারী হাজার হাজার যাত্রীর কাছে সহজেই ব্র্যান্ডের বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে চাটনিঅ্যাডসের পরিচালক ও প্রিয়শপের সিএমও দীপ্তি মণ্ডল বলেন, “মেট্রো স্টেশন আমাদের জন্য একটি দারুণ সুযোগ। ডিজিবক্সের ফিজিক্যাল নেটওয়ার্ক এবং চাটনিঅ্যাডসের ডিজিটাল প্রযুক্তির মেলবন্ধনে আমরা একটি সমন্বিত ও পরিমাপযোগ্য মিডিয়া নেটওয়ার্ক তৈরি করছি, যা বিজ্ঞাপনের বাজারকে আরও প্রসারিত করবে।”
ডিজিবক্সের সহ-প্রতিষ্ঠাতা সারা জিতা জানান, “ডিজিবক্স স্মার্ট কাঠামোর মাধ্যমে নগর বাণিজ্য সহজ করতে কাজ করছে। এই অংশীদারিত্ব বিদ্যমান অবকাঠামোকে ব্যবহার করে বিজ্ঞাপনদাতা ও ভোক্তা উভয়ের জন্যই বাড়তি মূল্য তৈরি করবে।”
চাটনিঅ্যাডসের বিজ্ঞাপনী প্ল্যাটফর্মের মাধ্যমে দূর থেকেই কনটেন্ট আপডেট করা এবং সময় ও স্থান অনুযায়ী নির্দিষ্ট দর্শকদের লক্ষ্য করে ক্যাম্পেইন পরিচালনা করা যায়। প্রতিষ্ঠান দুটির এই যৌথ উদ্যোগকে বিশ্বব্যাপী রিটেইল মিডিয়া ও ফিজিক্যাল কমার্স ডেটার সমন্বয়ে গড়ে ওঠা আধুনিক বিজ্ঞাপন ব্যবস্থার একটি বড় প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





















