মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৫ , ৯:৪১:৪২ প্রিন্ট সংস্করণ
রাজশাহীতে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর গণপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে রাত সাড়ে ১১টার দিকে সাহেববাজার জিরোপয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এনসিপির রাজশাহী মহানগর সমন্বয়ক মোবাশ্বের আলীর নেতৃত্বে বের হওয়া এ মিছিলে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী অংশ নেন।
মিছিল চলাকালে কর্মীরা বিভিন্ন স্লোগান দেন। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঢাকায় জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সহযোগীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী মিলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এ সময় তারা সেনাবাহিনীর সমালোচনা করেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। একইসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হামলাকারীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।
সমাবেশ শেষে মিছিল গণপাড়া মোড়ে পৌঁছালে কয়েকজন কর্মী জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায়। এ সময় অফিসকক্ষে ভাঙচুর চালিয়ে আসবাবপত্র বাইরে এনে অগ্নিসংযোগ করা হয়।
বোয়ালিয়া মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, “পুলিশ পৌঁছার আগেই জাতীয় পার্টির মহানগর ও জেলা কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”














