মানবিক সহায়তা যখন জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার শক্তি হয়ে ওঠে, তখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখে একটি পরিবার। এমনই এক উদ্যোগ বাস্তবায়ন করেছে তাবাসসুম ফাউন্ডেশন, কানাডা।
সংস্থাটির স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় যশোরের বাঘারপাড়া উপজেলার জহরপুর ইউনিয়নের যাদবপুর গ্রামে উদ্বোধন করা হয়েছে “বন্ধু স্টোর-২”, যা একটি অসহায় পরিবারকে নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলামকে স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে গত ১৪ এপ্রিল ২০২৬ থেকে দোকান নির্মাণ কাজ শুরু হয়। অল্প সময়ের মধ্যেই কাজ শেষ করে ২১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে দোকানটি উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় এলাকাজুড়ে ছিল আনন্দঘন পরিবেশ, আর রফিকুল ইসলামের চোখে ছিল নতুন জীবনের প্রত্যাশা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক, মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মাহমুদুল আক্তার, যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও সহকারী শিক্ষিকাবৃন্দসহ সংস্থাটির প্রতিনিধিরা।
বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ শুধু একটি পরিবারকে স্বাবলম্বী করে তোলে না, বরং সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেয়। কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সংস্থাটির প্রধান নির্বাহী পরিচালক মো. মাসুম হোসেন বলেন, “আমাদের লক্ষ্য দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করে মানুষকে সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ করে দেওয়া। ‘বন্ধু স্টোর-২’ সেই লক্ষ্য বাস্তবায়নের একটি ছোট কিন্তু অর্থবহ পদক্ষেপ।”
স্থানীয়দের মতে, “বন্ধু স্টোর-২” শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠান নয়; এটি একটি পরিবারের ঘুরে দাঁড়ানোর গল্প এবং আশা ও সম্ভাবনার নতুন দিগন্তের সূচনা।