সারাদেশ

বিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ৪

  মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ২৫ আগস্ট ২০২৬ , ৭:৫৮:৪২ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরের বিরামপুর উপজেলায় দুটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার বিজুল বাজার সংলগ্ন বিজুল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিরামপুর থেকে গোবিন্দগঞ্জগামী একটি মালবোঝাই ট্রাক (বগুড়া-ট-১১-১৭৫৪) বিজুল বাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে অপর একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-ট-১৩-৪৫২৫ নম্বরের আরেকটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় বগুড়া-ট-১১-১৭৫৪ নম্বর ট্রাকের চালক রশিদুল ইসলাম (৩৪) ঘটনাস্থলেই নিহত হন। তিনি দিনাজপুর জেলার শেখপুরা এলাকার বাসিন্দা এবং মো. আইয়ুব আলীর ছেলে।

দুর্ঘটনায় অপর ট্রাকের চালক ও হেলপারসহ মোট চারজন আহত হন। স্থানীয়রা ও পুলিশ তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং যান চলাচল স্বাভাবিক করে। পরে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি জব্দ করা হয়।

বিরামপুর থানার ওসি (তদন্ত) শামীম আল মামুন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content