এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার: ২৯ এপ্রিল ২০২৬ , ১০:২৩:০২ প্রিন্ট সংস্করণ
যশোরের ঝিকরগাছা উপজেলার যদুনাথপুর-দেউলী-পাঁচপোতা-কোমরচাঁন্দা (জেডিপিকে) মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গ্রন্থাগারিক) মো. তসলিম আরিফ সবুজের বিরুদ্ধে দশম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টাসহ মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার দৃষ্টান্তমূলক শাস্তি ও স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী।
প্রাপ্ত তথ্যে জানা যায়, গত ২০ এপ্রিল ২০২৬ তারিখে অভিযুক্ত শিক্ষক তার আত্মীয় (ভাতিজি) এবং একই বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তাকে হাতেনাতে ধরে গণধোলাই দেয়। ঘটনার পর বিদ্যালয়জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ ঘটনার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করেন। তারা অভিযুক্ত শিক্ষকের চাকরিচ্যুতি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, তসলিম আরিফ সবুজ দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত। এর আগে তিনি ৪ হাজার পিস ইয়াবাসহ শার্শা থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন এবং বর্তমানে জামিনে রয়েছেন। তার বিরুদ্ধে একাধিকবার সালিশ-দরবার হলেও কোনো পরিবর্তন হয়নি বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে প্রতিকার চেয়ে গত ২৩ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর স্মারকলিপি দেন এলাকাবাসী ও অভিভাবকরা। এতে সাবেক ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান, মো. আক্তারুজ্জামানসহ অনেকে স্বাক্ষর করেন।
এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকেও সহকারী প্রধান শিক্ষক মোছা. মাজেদা পারভীন স্বাক্ষরিত একটি আবেদন ২৮ এপ্রিল সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। এতে শিক্ষার পরিবেশ রক্ষার্থে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করে তদন্ত সাপেক্ষে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
অভিযুক্ত শিক্ষক মো. তসলিম আরিফ সবুজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ বলেন, “সবুজ নিয়মিত সিম পরিবর্তন করে, তার সঙ্গে যোগাযোগ করা কঠিন।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাফফাত আরা সাঈদ বলেন, “অভিযোগের কপি পেয়েছি। বিধি অনুযায়ী তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”




















