সারাদেশ

দিনাজপুরে অপহরণ ও চাঁদাবাজি মামলার মূল আসামী মূসা ডাকাত গ্রেফতার

  মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ১২ মে ২০২৬ , ১০:০১:৪৩ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরে অপহরণ, চাঁদাবাজি ও পুলিশের ওপর হামলার মামলার মূল আসামী মোঃ মুসা (২৭) ও তার কথিত স্ত্রী মোছাঃ আয়শা সিদ্দিকা (২২) কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১১ মে) গভীর রাতে দিনাজপুর শহরের কালিতলা সরদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল দিনাজপুর শহরের শেরশাহ মোড় এলাকা থেকে ধনঞ্জয় রায় ও তার বন্ধু হেমন্ত রায়কে অপহরণ করা হয়। পরে তাদের দিনাজপুর সদর উপজেলার বড়ইল এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে আটকে রেখে পরিবারের কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবারের অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করে। অভিযানের সময় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হলেও মামলার মূল আসামী মোঃ মুসা পালিয়ে যান।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তার সঙ্গে থাকা মোছাঃ আয়শা সিদ্দিকাকেও আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম জানান, গ্রেফতারকৃত মুসার বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে। অভিযানে ঘটনাস্থল থেকে ধারালো রামদা, হাসুয়া, ছোরা, মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
দিনাজপুর জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content