মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: ১২ মে ২০২৬ , ১০:১৮:২৪ প্রিন্ট সংস্করণ
নওগাঁয় বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নওগাঁ জেলা শাখার যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামর সভাপতিত্বে সভায় প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন ক্যাবের জেলা সভাপতি আজাদুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেল আহমেদ।
সভায় বক্তারা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করে ভোজ্যতেলসহ বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। সাধারণ ভোক্তাদের স্বস্তি দিতে এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
এছাড়া সামনে আমের মৌসুমকে সামনে রেখে বাজারে রাসায়নিকযুক্ত আম বিক্রি রোধে প্রশাসনের কঠোর নজরদারির আহ্বান জানান উপস্থিত প্রতিনিধিরা।
সভায় বক্তব্য দেন জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, নারী নেত্রী নাইস পারভীন, সাবেক অধ্যক্ষ ওয়ালিউল ইসলাম এবং নারী উদ্যোক্তা নাসিবা নাইস।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “খাদ্যে ভেজাল ও বাজার অস্থিতিশীল করার চেষ্টাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জেলা প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ও তদারকি নিয়মিত অব্যাহত থাকবে।”
মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, শিক্ষার্থী, এনজিও কর্মী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি এবং জেলায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।




















