মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ১৫ মে ২০২৬ , ৯:১০:৩৬ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বৈষ্ঠবপুর গ্রামে স্বামী ও তিন সন্তান রেখে এক বাউল শিল্পীর প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
অভিযোগ উঠেছে, স্থানীয় বাউল শিল্পী ও ডিজে পারফর্মার সুমাইয়া গত রবিবার (১০ মে) পার্শ্ববর্তী সন্তোষপুর গ্রামের এক যুবকের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যান।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওই যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরে সুমাইয়ার পরিচয় ও যোগাযোগ ছিল। ঘটনার পর আত্মীয়-স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে মাকে হারিয়ে তিন সন্তান অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে বলে জানিয়েছে পরিবার।
স্বামী খোকন মিয়া জানান, ২০১৬ সালে তাদের বিয়ে হয়। দীর্ঘদিন ধরে গান-বাজনার আয় দিয়েই তাদের সংসার চলছিল। তার দাবি, আগে থেকেই ওই যুবকের সঙ্গে সুমাইয়ার সম্পর্ক ছিল। ঘটনার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।
তিনি আরও বলেন, শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি।
স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান বলেন, অভিযোগ পেলে গ্রাম আদালতের মাধ্যমে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্বামী খোকন মিয়া জানিয়েছেন, তিনি থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।




















