প্রতিনিধি ১৯ মে ২০২৬ , ১:০৫:২৯ প্রিন্ট সংস্করণ
দীর্ঘ সময় চোটের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে বিশ্বকাপ দলে জায়গা পেলেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার। মাত্র কয়েকদিন আগেও দেশটির অনেক বিশ্লেষক ও সাবেক ফুটবলার মনে করেছিলেন, তার দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম।
৩৪ বছর বয়সী এই তারকা ২০২৩ সালের অক্টোবর মাসে বাঁ হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর থেকে পুরোপুরি ফিটনেস ফিরে পেতে লড়াই করে যাচ্ছেন। জাতীয় দলের হয়ে তার গোল সংখ্যা ৭৯টি, যা ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ।
প্রধান কোচ কার্লো আনচেলত্তি ঘোষিত ২৬ সদস্যের দলে আগের মতোই জায়গা পেয়েছেন সাম্প্রতিক সময়ের ব্রাজিলের ভরসার দুই তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়া।
২০২৫ সালের মে মাসে ব্রাজিল দলের দায়িত্ব নেওয়া ইতালিয়ান কোচ আনচেলত্তি এর আগে নেইমারকে দলে ডাকেননি। তবে সোমবার ঘোষিত বিশ্বকাপ স্কোয়াডে অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সম্প্রতি ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষের সঙ্গে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাড়িয়েছেন আনচেলত্তি। তবে তার অধীনে এখন পর্যন্ত সময়টা খুব একটা সুখকর হয়নি। ইনজুরির কারণে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই বিশ্বকাপে যেতে হচ্ছে ব্রাজিলকে। বিশেষ করে ফরোয়ার্ড রদ্রিগো ও এস্তেভাওকে সবচেয়ে বেশি মিস করবে দলটি।
ব্রাজিলের বিশ্বকাপ দল
গোলরক্ষক: আলিসন, এদেরসন, ওয়েভারতন।
রক্ষণভাগ: আলেক্স সান্দ্রো, দানিলো, লেও পেরেইরা, ব্রেমার, ইবানেজ, ওয়েসলি, মারকিনিওস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস।
মধ্যমাঠ: ব্রুনো গিমারায়েস, কাসেমিরো, দানিলো সান্তোস, ফাবিনিও, লুকাস পাকেতা।
আক্রমণভাগ: এন্দ্রিক, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ইগর থিয়াগো, মাতেউস কুনিয়া, রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র, লুইজ হেনরিকে, নেইমার ও রায়ান।











