প্রচ্ছদ » সারাদেশ » শার্শায় উলামা সমাবেশে এমপি আজীজুর রহমান: মাদক, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’
শার্শায় উলামা সমাবেশে এমপি আজীজুর রহমান: মাদক, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’
এম.আমিরুল ইসলাম জীবন.স্টাফ রিপোর্টার ২৩ মে ২০২৬ , ১১:০০:০০প্রিন্ট
সংস্করণ
যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান বলেছেন, মাদক, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে তাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। একটি সুশৃঙ্খল ও আদর্শ সমাজ বিনির্মাণে আলেম সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শনিবার (২৩ মে) সকাল ৯টায় নাভারণ দারুল আমান ট্রাস্টের হলরুমে শার্শা উপজেলার আটটি ইউনিয়নের আলেমদের নিয়ে আয়োজিত এক উলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “সমাজকে আলোকিত ও কলুষমুক্ত করতে আলেমদের আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। মাদক নির্মূল ও নারী-শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ মানুষকে কোরআন ও হাদিসের আলোকে সচেতন করা জরুরি।”
তিনি আরও বলেন, “মসজিদের মিম্বার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে ইসলামের সঠিক বাণী পৌঁছে দিয়ে আলেমদের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।”
শার্শা উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ ফারুক হাসানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর আলম, উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা মিজানুর রহমান, মাওলানা শফিউর রহমান, মাওলানা আবু ইয়াহইয়া, মাওলানা ইসমাইল হোসেন ও মাওলানা সিদ্দিকুর রহমান।
সমাবেশে শার্শা উপজেলার বিভিন্ন এলাকার আলেম-উলামারা অংশ নেন। বক্তারা সমাজ থেকে অন্যায়, অবিচার ও মাদকের করালগ্রাস থেকে যুবসমাজকে রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।