সারাদেশ

জনতার হাতে ৩ ছিনতাইকারী ধরা, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

  প্রতিনিধি ২৫ মে ২০২৬ , ৭:২২:০০ প্রিন্ট সংস্করণ

নাটোরের লালপুরে চালক ও যাত্রীকে বেঁধে রেখে অটোভ্যান ও মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় তিন ‘ছিনতাইকারীকে’ গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

আজ সোমবার ভোরে উপজেলার কদিমচিলান ইউনিয়নের পুকুরপাড়া গ্রামের একটি ফাঁকা রাস্তায় এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ছিনতাই হওয়া মালামাল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

আটক ব্যক্তিরা হলেন রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের আতাউর মন্ডল (৪২), আশরাফপুর গ্রামের শ্রী সুনীল কুমার (৫৫) এবং নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া গ্রামের সেন্টু আলী (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে ভ্যানচালক সিদ্দিক মালিথা যাত্রী আবু তাহেরকে নিয়ে বনপাড়ার দিকে যাচ্ছিলেন। পুকুরপাড়া গ্রামের ফাঁকা রাস্তায় পৌঁছালে চারজন ছিনতাইকারী টর্চলাইট দিয়ে তাদের অটোভ্যানের গতিরোধ করে। পরে ধারালো অস্ত্রের মুখে তাদের হাত-পা ও চোখ-মুখ বেঁধে পাশের একটি খেজুর বাগানে ফেলে রাখে এবং অটোভ্যান ও একটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।

এসময় ভ্যানচালকের চিৎকারে আশপাশের গ্রামবাসীরা ছুটে এসে চারদিক থেকে ছিনতাইকারীদের ধাওয়া করে তিনজনকে হাতেনাতে আটক করে। এসময় অপর একজন পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা আটক তিনজনকে গণপিটুনি দেয়।

খবর পেয়ে লালপুর থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের মধ্যে সেন্টু আলীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে আসা হয়। পুলিশ তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি ধারালো ছুরি, একটি টিপ চাকু, গামছা এবং দড়ি উদ্ধার করেছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। প্রাথমিক চিকিৎসা শেষে দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক অপর আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

আরও খবর

Sponsered content