সারাদেশ

সিলেট বিভাগে নভেম্বরে সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত, আহত ৬৬

  নিজস্ব প্রতিবেদক, সিলেট ৩ ডিসেম্বর ২০২৫ , ১০:৫৬:৫০ প্রিন্ট সংস্করণ

 

সিলেট বিভাগে গত নভেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত এবং ৬৬ জন আহত হয়েছেন। নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি বুধবার (৩ ডিসেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নভেম্বর মাসে সিলেট বিভাগে মোট ২৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে নিহত হয়েছেন ২৫ জন এবং আহত হয়েছেন ৬৬ জন। নিহতদের মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায়, আর কম সংঘটিত হয়েছে সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায়।

সিলেট জেলায় ১৮টি দুর্ঘটনায় নিহত ১৭ ও আহত ৩৬ জন, সুনামগঞ্জে ২টি দুর্ঘটনায় নিহত ১ ও আহত ২ জন, মৌলভীবাজারে ১টি দুর্ঘটনায় নিহত ১ ও আহত ১ জন এবং হবিগঞ্জে ৫টি দুর্ঘটনায় নিহত ৬ ও আহত ২৭ জনের তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে আরও বলা  হয়, নিহতদের মধ্যে ৯ জন পথচারী, ৩ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৪ জন সিএনজি ও লেগুনা চালক ও যাত্রী, ৪ জন গাড়িচালক রয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া ২টি দুর্ঘটনায় নিহত ২ জন, মুখোমুখি সংঘর্ষের ৬টি ঘটনায় নিহত ৮ জন এবং বৈদ্যুতিক খুঁটি বা গাছের সঙ্গে ধাক্কায় নিহত ১ জন রয়েছেন।

লিঙ্গ ও বয়স অনুযায়ী নিহতদের মধ্যে ১৮ জন পুরুষ, ২ জন নারী ও ৫ জন শিশু।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ–সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব ও সিলেট জেলা আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, “রিপোর্টটি তৈরি করা হয়েছে সিলেট বিভাগের পাঁচটি স্থানীয় দৈনিক, বিভিন্ন অনলাইন ও দুটি জাতীয় পত্রিকার তথ্য, অনুমেয় অনুপস্থিত খবর এবং নিসচা’র শাখা সংগঠনের প্রদানকৃত তথ্যের ভিত্তিতে।”

আগের মাস অর্থাৎ অক্টোবরের তুলনায় নভেম্বরে দুর্ঘটনা কিছুটা কমলেও মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে খুব একটা কমেনি।
অক্টোবরে সিলেট বিভাগে ২৮টি সড়ক দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ১১০ জন আহত হয়েছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, নভেম্বর মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি কিছুটা কমলেও পথচারী এবং মুখোমুখি সংঘর্ষজনিত দুর্ঘটনা বেড়েছে, যা সড়ক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

আরও খবর

Sponsered content