নোয়াখালী প্রতিনিধি ১০ আগস্ট ২০২৫ , ১:৩৭:৫৫ প্রিন্ট সংস্করণ
নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান, একটি আসবাবপত্র তৈরির কারখানা ও একাধিক গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সেনবাগ, চৌমুহনী ও মাইজদীর পাঁচটি ইউনিট প্রায় সাড়ে ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে রোববার সকাল ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, প্রথমে একটি আসবাবপত্র তৈরির কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। পুড়ে যাওয়া প্রতিষ্ঠানের মধ্যে আসবাবপত্র কারখানা, মেশিনারিজ দোকান, থাই অ্যালুমিনিয়াম পণ্য বিক্রির দোকানসহ অন্তত ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। ভুক্তভোগীরা দাবি করেছেন, ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ কোটি টাকা।
সেনবাগ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. সাব্বির হোসেন বলেন, “পাঁচটি ইউনিট প্রায় সাড়ে ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আমাদের প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭ কোটি টাকা। আগুনের কারণ তদন্ত শেষে বলা যাবে।”




















