সিলেট প্রতিনিধি ২ জুন ২০২৬ , ১১:৫৬:১৬ প্রিন্ট সংস্করণ
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পরিচালিত বিভিন্ন অভিযানে গত মে মাসে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় অবৈধ পণ্য।
এসএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার ১৯২ জন আসামি, ৪২ জন ছিনতাইকারী, ১৯১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৯৯ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে ৯৪৩ জন, ৫৬ জন চোর-ডাকাত, ৫২ জন জুয়াড়ি এবং ৯০ জন হকার রয়েছেন।
একই সময়ে মহানগরের ছয়টি থানায় ১৮৩টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়া ১৭৮টি মামলার নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানকালে উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৯১১ পিস ইয়াবা, ৪১ বোতল বিদেশি মদ, ২০ লিটার দেশি মদ, ১ কেজি গাঁজা, ৪৮ পুরিয়া গাঁজা এবং ৭টি গাঁজা গাছ।
চোরাচালানবিরোধী অভিযানে ১১ হাজার ৪৪০ কেজি ভারতীয় জিরা, ৪৫০ কেজি ভারতীয় চিনি, ১৩ হাজার ৫৭১ পিস ভারতীয় চকলেট, ১০ হাজার ৩৩২ পিস ভারতীয় ক্রিম, ১ হাজার ৬০৫ কেজি অবৈধ চা-পাতা, ৪৮০ পিস অলিভ অয়েল, ২ হাজার ১৫০ কেজি ভারতীয় ফুসকা, ৯২৪ পিস বিভিন্ন ভারতীয় পণ্য, ৬০০ পিস চিপস, ৭ হাজার ৬০০ পিস তারাবাতি, ৩ হাজার পিস হাইড্রো বোম্ব, ৬ হাজার ৪৮০ পিস মেহেদি, ১৪৭ কেজি পুস্তদানা এবং ১৬২টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়েছে।
এদিকে এসএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) উদ্যোগে হারিয়ে যাওয়া ১৬টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া বিকাশ প্রতারণার ঘটনায় হাতিয়ে নেওয়া ৫ হাজার টাকা উদ্ধার করে ভুক্তভোগীর কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, মে মাসজুড়ে ট্রাফিক বিভাগ ৩ হাজার ৫৫১টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ১ হাজার ৬৯২টি গাড়ির বিরুদ্ধে মামলা এবং ১ হাজার ৮৫৯টি যানবাহন আটক করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”




















