মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার, টেকনাফ-কক্সবাজার ৩ জুন ২০২৬ , ৪:২১:৫০ প্রিন্ট সংস্করণ
কক্সবাজারের টেকনাফে অপহরণচেষ্টার শিকার ৪ বছর বয়সী এক মার্কিন নাগরিক শিশুকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। এ ঘটনায় অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ জুন টেকনাফ মডেল থানার শাপলা চত্বর এলাকায় নিয়মিত টহলরত র্যাব সদস্যরা নতুন পল্লানপাড়া এলাকায় একটি শিশুকে অপহরণের চেষ্টার খবর পান। পরে র্যাবের একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় স্থানীয় জনতা অপহরণচেষ্টার অভিযোগে তিনজনকে আটক করে গণপিটুনি দিচ্ছিল। র্যাব সদস্যরা তাদের জনতার হাত থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় এবং আহত অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।
গ্রেফতারকৃতরা হলেন টেকনাফ উপজেলার বাসিন্দা শাহাব উদ্দিন (২৮), কেফায়েত উল্লাহ (২৪) এবং আব্দুর রজব মিয়া (৩৫)।
র্যাব জানায়, ২ জুন দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল এলাকার একটি বাড়ির সামনে একা থাকা ৪ বছর বয়সী মার্কিন নাগরিক শিশুকে জোরপূর্বক অপহরণের চেষ্টা চালায় গ্রেফতারকৃতরা। এ সময় স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধার হওয়া শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে তাদের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















