সাতক্ষীরা প্রতিনিধি ১৪ জুন ২০২৬ , ১:২৭:৪৯ প্রিন্ট সংস্করণ
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, নদী ব্যবস্থাপনার উন্নয়ন এবং বেতনা ও মরিচ্চাপ অববাহিকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বা জোয়ারাধার পদ্ধতি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরা সদর উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ‘যুব চেতনায় উপকূলীয় জলাবদ্ধতা সমস্যা মোকাবেলায় টিআরএম’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
রোববার (১৪ জুন) বেলা ১১টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরিতে “সাস্টেইনেবল রিভার বেসিন ম্যানেজমেন্ট (এসআরএম): অ্যাডাপ্টিং ক্লাইমেট চেঞ্জ ইন দ্য সাউথওয়েস্ট বাংলাদেশ” প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ এবং সদর উপজেলা পানি কমিটির যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সাতক্ষীরা সদর উপজেলা পানি কমিটির সভাপতি মো. মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম।
এ সময় বইটির মোড়ক উন্মোচনে অংশ নেন সাতক্ষীরা যুব পানি কমিটির সভাপতি মো. হোসেন আলী, সহসভাপতি হাফিজা আফরোজ এবং যুগ্ম সাধারণ সম্পাদক করিমন নেছা শান্তা।
সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা পানি কমিটির সহসভাপতি আমিরুল ইসলাম, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, সদর উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ বাবু, দপ্তর সম্পাদক মহুয়া মঞ্জুয়ারা, সদস্য আব্দুল জব্বার মাস্টার, উত্তরণের প্রজেক্ট অফিসার দিলীপ কুমার সাহা, মনিটরিং অফিসার আল-আমীন মোল্যা, ফিল্ড অফিসার গোলাম হোসেন এবং যুব পানি কমিটির প্রচার সম্পাদক মো. মোকাররম বিল্লাহ ইমনসহ পানি কমিটি ও যুব পানি কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বইটির বিষয়বস্তু ও গুরুত্ব সম্পর্কে সভায় জানানো হয়, ‘যুব চেতনায় উপকূলীয় জলাবদ্ধতা সমস্যা মোকাবেলায় টিআরএম’ বইটিতে জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে সৃষ্ট সংকট এবং তা নিরসনে প্রচলিত পদ্ধতির সীমাবদ্ধতা তুলে ধরা হয়েছে। পাশাপাশি নদীতে পলি জমে সৃষ্ট সমস্যার সমাধানে টিআরএম পদ্ধতির বৈজ্ঞানিক ও স্থানীয় কার্যকারিতা এবং এ আন্দোলনে তরুণ প্রজন্মের ভূমিকা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
বক্তারা বলেন, ১৯৯০-এর দশক থেকে সাতক্ষীরা জেলার বেতনা, মরিচ্চাপ ও প্রাণসায়ের অববাহিকায় জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করেছে। নদীতে অতিরিক্ত পলি জমে বেতনা, মরিচ্চাপ, প্রাণসায়ের, লাবণ্যবতী ও সাপমারা নদী মৃতপ্রায় হয়ে পড়েছে। ফলে বর্ষা মৌসুমে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে মানুষের ঘরবাড়ি, কৃষিজমি ও জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে হুমকির মুখে পড়ছে এলাকার জীববৈচিত্র্য।
বক্তারা আরও বলেন, জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন সময়ে নদী ও খাল খনন, স্লুইসগেট সংস্কারসহ নানা উদ্যোগ নেওয়া হলেও স্থায়ী সমাধান আসেনি। তাদের মতে, নদীতে পলি জমার সমস্যার কার্যকর সমাধান টিআরএম বাস্তবায়নের মাধ্যমেই সম্ভব।
সভা থেকে উপকূলীয় অঞ্চলের যুবসমাজকে সম্পৃক্ত করে নদী রক্ষায় দ্রুত টিআরএম কার্যকর করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়। একই সঙ্গে বক্তারা আশা প্রকাশ করেন, প্রকাশিত বইটি উপকূলের নদী ও পরিবেশ রক্ষার আন্দোলনে তরুণদের আরও সক্রিয় ভূমিকা রাখতে উৎসাহিত করবে।




















