মৌলভীবাজার জেলা প্রতিনিধি ১৫ জুন ২০২৬ , ৪:৫৩:০০ প্রিন্ট সংস্করণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য মৌলভীবাজার সফরকে কেন্দ্র করে শ্রীমঙ্গলসহ আশপাশের এলাকায় চলছে ব্যাপক প্রস্তুতি। স্থানীয় প্রশাসন, পৌরসভা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
সফরসূচি অনুযায়ী আগামী ১৭ জুন তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সড়কপথে শ্রীমঙ্গলে গিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। পরে মৌলভীবাজার সদর ও রাজনগরে নির্ধারিত কর্মসূচি শেষে সিলেট হয়ে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।
জানা গেছে, ফ্যামিলি কার্ড সম্প্রসারণ কার্যক্রমের (তৃতীয় পর্যায়) উদ্বোধন উপলক্ষে এ সফরের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে শ্রীমঙ্গল পৌরসভা ও সংশ্লিষ্ট এলাকাগুলোতে সৌন্দর্যবর্ধন ও অবকাঠামোগত উন্নয়নকাজ চলছে।
গত শুক্রবার (১২ জুন) সম্ভাব্য অনুষ্ঠানস্থল শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। এ সময় ঢাকা থেকে আগত ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সরেজমিনে দেখা গেছে, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মাটি ভরাট, রং করা, মঞ্চ নির্মাণ এবং পরিবেশ উন্নয়নসংক্রান্ত বিভিন্ন কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এছাড়া পৌর এলাকার বিভিন্ন সড়কের পাশে থাকা পুরনো ব্যানার ও পোস্টার অপসারণ করা হচ্ছে। অনুষ্ঠানস্থলকে আরও আকর্ষণীয় ও উপযোগী করে তুলতে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি।
আয়োজক সূত্রে জানা গেছে, বিএনপির নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে। শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৮৪ জন উপকারভোগীর মধ্যে এসব কার্ড বিতরণ করা হবে।
মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, “১৭ জুন তারেক রহমান শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। তিনি উপকারভোগীদের হাতে কার্ড তুলে দেবেন। শ্রীমঙ্গলে কর্মসূচি শেষে রাজনগরেও যাবেন।”
স্থানীয় নেতাকর্মীদের আশা, তারেক রহমানের এই সফর এলাকার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে।














