সারাদেশ

কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  সিলেট প্রতিনিধি: ১৭ জুন ২০২৬ , ৬:০০:০৪ প্রিন্ট সংস্করণ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, ফলাফল বিশ্লেষণ, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং শৃঙ্খলা নিশ্চিতকরণের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক সৈয়দুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নুরুল হক।

সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে ভাটরাই উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম (ঠান্ডা মিয়া) বলেন, শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। প্রতিটি মা-বাবা যদি সন্তানের লেখাপড়ার বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখেন এবং বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন, তাহলে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও মনোযোগী হবে এবং ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, যে শিক্ষার্থী যে বিষয়ে দুর্বল, তাকে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে সহায়তা করতে হবে। শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার মান এবং সুনাম আরও বৃদ্ধি পাবে। এ ধরনের অভিভাবক সমাবেশ নিয়মিত আয়োজনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এসময় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুল আলীম, অভিভাবক সদস্য সুলেমান তালুকদার, পিটিএ কমিটির সভাপতি জহুর উদ্দিন, যুব সংগঠক হারুন উর রশীদ, সহকারী শিক্ষক উত্তম চক্রবর্তী, খলিলুর রহমান, পরিমল বাবু, হিরা খানম, আব্দুল হালিম খন্দকার, আফিফ আহমদ, তাজ উদ্দিন ও সুহেল আহমেদসহ অন্যান্যরা।

সমাবেশ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content