মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ ২১ জুন ২০২৬ , ৮:২৬:৪৯ প্রিন্ট সংস্করণ
নওগাঁর পত্নীতলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন) রাকাব পত্নীতলা শাখা প্রাঙ্গণে এ বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে তিন শাখার মোট ২৮ জন নির্বাচিত গ্রাহকের মাঝে ৩৩ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক হস্তান্তর করা হয়েছে। রাকাব পত্নীতলা শাখা, মেছের বাজার শাখা ও কৃষ্ণপুর শাখার যৌথ আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার নির্বাহী পরিচালক মো: সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকাব নওগাঁ জোনের জোনাল ব্যবস্থাপক (ডিজিএম) মোঃ রুহুল আমিন।
জানা গেছে, রোববার সকাল থেকেই উল্লিখিত তিন শাখার ঋণগ্রহীতা ও সাধারণ গ্রাহকেরা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান প্রাঙ্গণে হাজির হতে থাকেন। বাংলাদেশ ব্যাংক ও রাকাবের শীর্ষ কর্মকর্তাদের সরাসরি নিজেদের মাঝে পেয়ে গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত গ্রাহকেরা স্বতঃস্ফূর্তভাবে রাকাবের কৃষি ঋণ ও সার্বিক গ্রাহক সেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। একই সঙ্গে তারা ঋণ প্রাপ্তি সহজীকরণসহ বিভিন্ন বিষয়ে সরাসরি কর্মকর্তাদের সঙ্গে উন্মুক্ত আলোচনায় অংশ নেন।
রাকাব পত্নীতলা শাখার ব্যবস্থাপক (এসপিও) মোহাম্মদ লুৎফুল হায়দার-এর সভাপতিত্বে এবং কৃষ্ণপুর শাখার ব্যবস্থাপক (পিও) মনিশংকর রোয়াজা-এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেছেরবাজার শাখার ব্যবস্থাপক (পিও) মোঃ সাইফুল ইসলামসহ ব্যাংকের স্থানীয় কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, প্রান্তিক ও গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে এবং প্রকৃত কৃষকদের দোরগোড়ায় দ্রুত ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই প্রকাশ্য ঋণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ব্যতিক্রমী ও স্বচ্ছ এই উদ্যোগকে ঘিরে এলাকার সর্বস্তরের গ্রাহকদের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।




















