নওগাঁ প্রতিনিধি: ৩ জুলাই ২০২৬ , ১২:০৬:১০ প্রিন্ট সংস্করণ
নওগাঁ শহরের উকিলপাড়া এলাকায় ফ্ল্যাটসংক্রান্ত বিরোধের ঘটনা কাভার করতে গিয়ে এক সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁকে মারধরের পাশাপাশি তাঁর মোবাইল ফোন ও নগদ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে শহরের উকিলপাড়া এলাকার ‘বন্ধন সোসাইটি’ নামের একটি ভবনে এ ঘটনা ঘটে।
হামলার শিকার সাংবাদিক হলেন নওগাঁ থেকে প্রকাশিত দৈনিক বরেন্দ্রকণ্ঠ-এর সম্পাদক এবং বাংলাভিশন ও দৈনিক মানবকণ্ঠের নওগাঁ জেলা প্রতিনিধি বেলায়েত হোসেন (৫৪)। একই ঘটনায় ভবনের বাসিন্দা শরিয়তুল্লাহ (৩১) মারধরের অভিযোগ করেছেন।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, উকিলপাড়া এলাকার বন্ধন সোসাইটি ভবনের একটি ফ্ল্যাটের মালিকানা নিয়ে বাসিন্দা শরিয়তুল্লাহর সঙ্গে শহরের পোস্ট অফিসপাড়া এলাকার আব্দুল মান্নান (৫২)-এর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার সকালে আব্দুল মান্নান, জীবন (৪৮) এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জন শরিয়তুল্লাহর ফ্ল্যাটে প্রবেশ করেন। এ সময় শরিয়তুল্লাহকে মারধর এবং ফ্ল্যাটের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার সংবাদ পেয়ে তথ্য সংগ্রহের জন্য ঘটনাস্থলে যান সাংবাদিক বেলায়েত হোসেন। তিনি ভিডিও ধারণের চেষ্টা করলে অভিযুক্তরা তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ করেন। হামলাকারীরা তাঁকে মারধর করে তাঁর ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং পকেটে থাকা নগদ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে তিনি অভিযোগে উল্লেখ করেছেন।
এ ঘটনায় সাংবাদিক বেলায়েত হোসেন ও শরিয়তুল্লাহ পৃথকভাবে নওগাঁ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আব্দুল মান্নানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, “উকিলপাড়া এলাকার একটি ভবনের অংশীদারদের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে মারামারির ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”





















