সারাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে বাটাজোরে প্রস্তুতি সভা, ১,৮০০ বৃক্ষরোপণের পরিকল্পনা

  আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: ১৩ জুলাই ২০২৬ , ১:৪৩:১৭ প্রিন্ট সংস্করণ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সফরকে কেন্দ্র করে ১ হাজার ৮০০টি বৃক্ষরোপণ কর্মসূচি এবং একটি খাল খনন কার্যক্রম পরিদর্শনের পরিকল্পনা রয়েছে।

রোববার (১২ জুলাই) অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বরিশাল জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম সেন্টু খান এবং সদস্য সচিব গোলাম মোরশেদ মাসুদের নেতৃত্বে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার নেতাকর্মীরা কর্মসূচির প্রস্তুতি গ্রহণ করেন।

সভায় বক্তব্য দেন বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্য সচিব গোলাম মোরশেদ মাসুদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করবেন। কর্মসূচি সফল করতে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে।

আয়োজকরা জানান, আগামী ১৩ জুলাই বাটাজোর ইউনিয়নে ১ হাজার ৮০০টি বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হবে। পাশাপাশি স্থানীয় একটি গুরুত্বপূর্ণ খাল খনন কার্যক্রমও পরিদর্শনের কথা রয়েছে।

সফরকে ঘিরে গৌরনদী ও আগৈলঝাড়া এলাকায় দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আরও খবর

Sponsered content