প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৬ , ৬:৩০:২৩ প্রিন্ট সংস্করণ
সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে শুধু তার পরিবার নয়, বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম।
তিনি বলেছেন, সালাহউদ্দিন আহমেদের স্বপ্ন অনুযায়ী তার এলাকায় একটি কমিউনিটি সেন্টার ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে তার স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করবেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সালাহউদ্দিন আহমেদের দ্বিতীয় জানাজায় তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। আমরা বিশ্বাস করি, সালাহউদ্দিন আহমেদ তার কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন।
সালাহউদ্দিন আহমেদের সন্তান ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আহমেদ রবিনের নেতৃত্বের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি জানান, তিনি বিশ্বাস করেন, আহমেদের সুযোগ্য সন্তান নেতৃত্ব দিতে সক্ষম হবেন।
দীর্ঘদিন একসঙ্গে কাজ করার স্মৃতিচারণা করে আবদুস সালাম বলেন, আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে, নিজেদের সংগঠনকে শক্তিশালী করতে সব সময় তিনি আমাদের পাশে ছিলেন।
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুর দুই দিন আগেও তাকে দেখতে যাওয়ার কথা উল্লেখ করে আবদুস সালাম জানান, তখন তিনি নিজের পরিবার কিংবা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলেননি। তিনি দলের কথা বলেছেন, এলাকার কথা বলেছেন। তার এলাকায় একটি কমিউনিটি সেন্টার করার পরিকল্পনা ছিল, কিন্তু তা বাস্তবায়ন করতে পারেননি। সেই কথাও তিনি তাকে জানিয়েছিলেন।
আবদুস সালাম বলেন, আমি তাকে কথা দিয়েছি, ইনশাআল্লাহ, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে তার স্বপ্ন বাস্তবায়ন করব।
সালাহউদ্দিন আহমেদের জন্য দোয়া চেয়ে তিনি বলেন, যারা তার প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ যেন সালাহউদ্দিন আহমেদকে ক্ষমা করে দেন এবং তাকে জান্নাত নসিব করেন-এ কামনা করেন তিনি।
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে নেতাকর্মীদের শোকের কথা উল্লেখ করে আবদুস সালাম বলেন, তিনি তাদের মাঝ থেকে চলে যাওয়ায় অসংখ্য নেতাকর্মী দুঃখিত। সবাই যেন এই কষ্ট সহ্য করতে পারেন, সেই প্রত্যাশা করেন তিনি।





















