রাজনীতি

একাত্তরের ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাওয়ার আহ্বান মির্জা ফখরুলের

  প্রতিনিধি ২৯ জুন ২০২৬ , ১২:০৯:২৫ প্রিন্ট সংস্করণ

মহান মুক্তিযুদ্ধের সময়ের ভূমিকার জন্য জামায়াতে ইসলামীকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেছেন, এখনো সময় আছে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করার এবং বাংলাদেশ সম্পর্কে দলটির অবস্থান পরিষ্কার করার।

বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতাদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আমাদের বন্ধুরা বিভিন্নভাবে আমাদের উপেক্ষা করার চেষ্টা করছেন এবং ক্ষুব্ধ করার চেষ্টা করছেন। তিনি মন্তব্য করেন যে, এই সময়টা সঠিক নয় এবং তাদের নিজেদের দিকে ফিরে তাকানো দরকার।

বিএনপির মহাসচিব বলেন, একাত্তর সালের ভূমিকার জন্য আপনারা একবারও ক্ষমা প্রার্থনা করেননি। জাতির সামনে আপনাদের ক্ষমাপ্রার্থনা করা উচিত ছিল। আপনারা সেটা করেননি, যা না করার কারণে আজকে সমস্যাগুলো তৈরি হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, উপরন্তু আপনাদের নেতা গোলাম আযম সাহেব বলেছিলেন একাত্তরে আমরা ভুল করিনি। এখনো সময় আছে, ভেবেচিন্তে দেখার সুযোগ রয়েছে। বাংলাদেশ সম্পর্কে আপনাদের অবস্থান পরিষ্কার করে দেশবাসীকে জানানো উচিত। একাত্তর সম্পর্কে আপনারা পরিষ্কার করে কিছু বলেন না বলে তিনি উল্লেখ করেন। বিরোধী দলের সদস্যদের মন্তব্যের প্রেক্ষিতে তিনি যোগ করেন, আজ পর্যন্ত কেউ আপনাদের পরিষ্কার বক্তব্য শোনেনি, আপনারা তা স্বীকার করে নিলে রাজনীতি করা সহজ হয়ে যাবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে জামায়াতের রাজনৈতিক সম্পর্ক নিয়েও মন্তব্য করেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, তারা এমন একটি দলের সঙ্গে জোট করেছে, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি। তিনি আশা প্রকাশ করেন যে, এনসিপি তাদের রাজনীতি আরও পরিষ্কার করে সামনের দিকে নিয়ে আসবে।

মির্জা ফখরুল আরও বলেন, এনসিপির এই নবীন রাজনীতিবিদদের অনেক ভবিষ্যৎ আছে। তারা ভালো করুন, সেটাই আমরা চাই। তবে এমন কোনো কলঙ্ক নিয়ে তারা যেন রাজনীতিতে না থাকেন যারা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নকেই অস্বীকার করে চলেছে।

আরও খবর

Sponsered content