সারাদেশ

কালিগঞ্জে নদীর ত্রিমোহনায় ‘প্রেসক্লাব ফুড কর্নার’ উদ্বোধন

  দ্যুতিদীপন বিশ্বাস ১৭ অক্টোবর ২০২৬ , ১:২৮:৪৯ প্রিন্ট সংস্করণ

 

সাতক্ষীরার কালিগঞ্জে যমুনা ও কাঁকশিয়ালি নদীর ত্রিমোহনার মনোরম পরিবেশে যাত্রা শুরু করেছে ‘কালিগঞ্জ প্রেসক্লাব ফুড কর্নার’। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় ফিতা কেটে এর উদ্বোধন করেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান। কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের উদ্যোগে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে।

কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ডা. শফিকুল ইসলাম বাবু, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি শেখ আনোয়ার হোসেন, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসএম আহম্মদ উল্ল্যাহ বাচ্চু এবং জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাজমুল ইসলাম।

এ সময় জাতীয় সাংবাদিক সংস্থার কালিগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক এবং আমন্ত্রিত কনটেন্ট ক্রিয়েটররা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে অতিথিরা আশা প্রকাশ করেন, নদীর ত্রিমোহনার প্রাকৃতিক সৌন্দর্যকে কেন্দ্র করে গড়ে ওঠা ফুড কর্নারটি স্থানীয় বাসিন্দা, পর্যটক ও তরুণদের জন্য একটি আকর্ষণীয় মিলনকেন্দ্র হয়ে উঠবে। খাবারের মান, পরিচ্ছন্নতা ও উন্নত সেবা নিশ্চিত করা গেলে প্রতিষ্ঠানটি দর্শনার্থীদের আস্থা অর্জন করবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি কালিগঞ্জের পর্যটন সম্ভাবনা বিকাশে ভূমিকা রাখতে পারে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ফুড কর্নারটি প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এখানে ফুচকা, পানিপুরি, চটপটি, বার্গার, পিৎজা, চিকেন ফ্রাই, ফিশ ফিঙ্গার ও চাউমিনসহ বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা হবে।

অনুষ্ঠানের শেষপর্যায়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালিগঞ্জ থানা জামে মসজিদের সাবেক পেশ ইমাম হযরত মাওলানা আশরাফুল ইসলাম আজিজী।

নদীর মনোরম পরিবেশে খাবার ও আড্ডার নতুন এই আয়োজন স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের বিনোদনের সুযোগ বাড়াবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরও খবর

Sponsered content