জাতীয়

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই

  ডেস্ক রিপোর্ট ৩০ ডিসেম্বর ২০২৫ , ৭:৩৫:২২ প্রিন্ট সংস্করণ

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বেগম খালেদা জিয়ার অফিসিয়াল ফেসবুক পেজ, বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ এবং দলের মিডিয়া সেলের অফিসিয়াল পেজে দেওয়া পৃথক পোস্টে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

বেগম খালেদা জিয়ার অফিসিয়াল পেজে প্রকাশিত শোকবার্তায় বলা হয়,
“বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর বিদেহী আত্মার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করছি।”

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজেও একই তথ্য জানানো হয়। দলের মিডিয়া সেলের পোস্টে বলা হয়,
“আমাদের সকলের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় আমাদের ছেড়ে চলে গেছেন।”

গত ২৩ নভেম্বর থেকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল ও সংকটাপন্ন ছিল বলে এর আগে জানিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন বেগম খালেদা জিয়া। তার বাবা ইস্কান্দার মজুমদার ও মা তৈয়বা মজুমদার। দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সুরেন্দ্রনাথ কলেজে শিক্ষাজীবন শেষ করেন তিনি। ১৯৬০ সালে তিনি তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবরণের পর ১৯৮১ সালে তিনি রাজনীতিতে সক্রিয় হন। ১৯৮২ সালে বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে যোগ দিয়ে ১৯৮৪ সালে দলের চেয়ারপারসন নির্বাচিত হন। আশির দশকে সামরিক স্বৈরশাসক এইচ এম এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি লাভ করেন।

১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভ করে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। তার শাসনামলে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। শিক্ষা খাতে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষা ও উপবৃত্তি কর্মসূচি তার উল্লেখযোগ্য অবদান।

২০০১ সালের নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে তিনি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ২০০৫ সালে ফোর্বস ম্যাগাজিন তাকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় ২৯তম স্থানে রাখে। তিনি বাংলাদেশের সংসদীয় ইতিহাসে কোনো আসনে পরাজিত না হওয়ার বিরল রেকর্ডের অধিকারী।

২০১৮ সালে একটি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত হলেও আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা ও আইন বিশেষজ্ঞরা সেই বিচারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর একে একে সব মামলায় তিনি খালাস পান।

দেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া একটি শক্তিশালী, প্রভাবশালী ও বিতর্কহীনভাবে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবেন।

আরও খবর

Sponsered content