দেশে চলমান জ্বালানি তেলের সংকট ও অবৈধ মজুদ প্রতিরোধে দিনাজপুরের হাকিমপুর হিলিতে পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে তেল বিক্রি করা হচ্ছে।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত হিলি ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
শৃঙ্খলা বজায় রাখতে তেল নিতে আসা চালকদের গাড়ির লাইসেন্স, হেলমেট এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স যাচাই করা হচ্ছে। শুধুমাত্র বৈধ কাগজপত্র থাকা চালকদেরই নির্দিষ্ট পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, হিলিতে মাত্র একটি তেল পাম্প থাকায় প্রতিদিন বিপুল চাহিদা তৈরি হচ্ছে। মোটরসাইকেলের জন্য প্রতিদিন প্রায় ৬০০ লিটার তেলের প্রয়োজন হলেও, ৩০০০ লিটার সরবরাহ দিয়েও চাহিদা পুরোপুরি পূরণ করা যাচ্ছে না।
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপারের উপস্থিতিতে পাম্পে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। সংকটকে কেন্দ্র করে যাতে কেউ অবৈধভাবে মজুদ বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য আমরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। নির্দিষ্ট নিয়ম মেনে শুধুমাত্র বৈধ কাগজপত্রধারী চালকদের তেল দেওয়া হচ্ছে।
জনভোগান্তি কমাতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
পুলিশ জানিয়েছে, অবৈধ মজুদ ও অনিয়ম ঠেকাতে এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও চলমান থাকবে।