মিজানুর রহমান মিন্টু, স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ৩০ মার্চ ২০২৬ , ৯:১৩:৪৭ প্রিন্ট সংস্করণ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অসহায় এক পরিবারের নারীদের ওপর হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, তাদের বসতঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে এলাকা ছাড়া করা হয়েছে। মামলা করার পরও আসামিদের হুমকির কারণে তারা বাড়িতে ফিরতে পারছেন না।
এ ঘটনায় সাজেদা বেগমসহ তার মেয়েরা তেঁতুলিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিরাপত্তা নিশ্চিত করে বাড়িতে ফেরার দাবি জানান। এ সময় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রিতা আক্তার অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকার তবিবর রহমান, মোজাফ্ফর হোসেন, মজিবর রহমানসহ কয়েকজন তাদের জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি করে আসছেন। এর জেরে গত ২৭ জানুয়ারি গভীর রাতে তবিবর রহমানের নেতৃত্বে একদল লোক তাদের বাড়িতে হামলা চালায়।
তিনি বলেন, “তারা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে আমাদের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রাণভয়ে আমরা পালিয়ে বাঁচলেও এখনো হুমকির কারণে বাড়িতে ফিরতে পারছি না।”
ভুক্তভোগীরা জানান, পরদিন ১৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন তবিবর রহমান (৪৬), মোজাফ্ফর হোসেন (৩৮), মজিবর রহমান (৫০), হারুন (৪০) ও শাকিল (১৯) প্রমুখ।
সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে রিতা আক্তার বলেন, “আমাদের ঘরে কোনো পুরুষ সদস্য নেই। অসুস্থ মা ও প্রতিবন্ধী বোনকে নিয়ে আমরা আতঙ্কে আছি। আমরা শুধু নিরাপত্তা নিয়ে নিজের ঘরে ফিরতে চাই।”
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তদের পরিবারের সদস্যরা। তাদের দাবি, এমন কোনো ঘটনা ঘটেনি; বরং ওই পরিবারই মিথ্যা অভিযোগ তুলে এলাকায় বিভ্রান্তি সৃষ্টি করছে।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।





















