তানভীর সরদার, স্টাফ রিপোর্টার ২৫ নভেম্বর ২০২৫ , ৬:৩৯:৪০ প্রিন্ট সংস্করণ
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, “আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসের সেরা নির্বাচন। কেন্দ্র দখল বা ভোট কারচুপির কোনো সুযোগ থাকবে না। আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী মাঠে থাকবে—ভয়ভীতি প্রদর্শনের সুযোগ কেউ পাবে না।”
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল ৫টায় ঝিনাইদহ সদর উপজেলার শৈলমারী বাজারে নির্বাচনী গণসংযোগকালে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
ভোটারদের উদ্দেশে রাশেদ খান বলেন, “আমি আপনাদের ভাই, নেতা হতে আসিনি। আগামী নির্বাচনে সৎ, যোগ্য, মেধাবী ও শিক্ষিত প্রার্থীকে ভোট দেবেন। আমাকে ভোট দিতেই হবে—এমন কথা বলছি না। আমার চেয়ে যোগ্য কাউকে পেলে তাকেই ভোট দেবেন, আমিও তাকে ভোট দেব।”
তিনি আরও বলেন, নিজের বিরুদ্ধে দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি বা দখলবাজির অভিযোগ প্রমাণিত হলে নাকে খৎ দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। তার অভিযোগ, দুর্নীতিবাজ ও চাঁদাবাজরা ভোটের সময় মানুষের মাঝে ভয়ের রাজনীতি ঢোকানোর চেষ্টা করছে, কিন্তু জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ আর ভয়ভীতি চায় না।
রাশেদ খান বলেন, “আজ কৃষকরা সার-বীজের সংকটে আছে। গত ১৬ বছরে আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। কৃষককে বাঁচাতে, শিক্ষা ব্যবস্থা বাঁচাতে নতুন নেতৃত্ব বেছে নিতে হবে।”
পথসভায় সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রভাষক মো. সাখাওয়াত হোসেন। উপস্থিত ছিলেন জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান হোসেন রায়হান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি রাসেল আহমেদ।





















