আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি ৩১ মার্চ ২০২৬ , ৮:০৫:১৬ প্রিন্ট সংস্করণ
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইসা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজীদ সরদার। তিনি বলেন, কৃষি দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এবং কৃষকদের সহায়তায় সরকারের প্রণোদনা কর্মসূচি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি প্রাপ্ত সহায়তা সঠিকভাবে ব্যবহার করে অধিক ফলন নিশ্চিত করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি সামিমুল ইসলাম শামীম এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হামিদুল ইসলাম।
কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষকের মাঝে উন্নতমানের বীজ ও প্রয়োজনীয় সার বিতরণ করা হয়েছে। এতে উৎপাদন খরচ কমবে এবং ফলন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
উপকারভোগী কৃষকরা জানান, কৃষি উপকরণের দাম বাড়ায় তারা আর্থিক চাপে ছিলেন। সরকারের এ উদ্যোগ তাদের স্বস্তি দিয়েছে এবং নতুন উদ্যমে চাষাবাদে উৎসাহিত করেছে।
অনুষ্ঠান শেষে অতিথিরা কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন।




















