জাতীয়

আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ

  মেহেদী হাসান, আমতলী (বরগুনা) প্রতিনিধি: ২২ অক্টোবর ২০২৫ , ৭:৫৪:৪৬ প্রিন্ট সংস্করণ

বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুকুয়া স্বাস্থ্য কেন্দ্রে ২০২৫–২০২৬ অর্থবছরের জন্য ইজিপি (e-GP) পদ্ধতিতে বরাদ্দকৃত ৪৭ লাখ ৮৫ হাজার টাকার এমএসআর সামগ্রী ক্রয় সংক্রান্ত দরপত্র প্রক্রিয়ায় বৃহৎ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

দরপত্রে অংশগ্রহণকারী মেসার্স বিথি ট্রেডার্সের মালিক মোসাঃ সামসুন্নাহার রুবী এ বিষয়ে বরগুনার সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ইজিপি পদ্ধতিতে ৬টি গ্রুপে মোট ৪৭ লাখ ৮৫ হাজার টাকার মেডিকেল সরঞ্জাম ক্রয়ের দরপত্র আহ্বান করা হয়। এতে ৫টি ঠিকাদার প্রতিষ্ঠান অনলাইনে দরপত্র দাখিল করে।

দরপত্রের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ২টায় ক্রয়কারী কর্তৃপক্ষের কার্যালয়ে টেন্ডার খোলা হয়। যাচাই-বাছাই শেষে সর্বনিম্ন দরদাতা মেসার্স বিথি ট্রেডার্সকে কাজ না দিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার, টেন্ডার কনসালটেন্ট আরিফুর রহমান ইমন-এর সহযোগিতায় ‘সিকদার ইন্টারন্যাশনাল’ নামের অন্য একটি প্রতিষ্ঠানকে দুর্নীতির মাধ্যমে কাজ দেওয়ার অভিযোগ ওঠে।

প্রতিকার চেয়ে মেসার্স বিথি ট্রেডার্সের মালিক মোসাঃ সামসুন্নাহার রুবী বরগুনার সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার অভিযোগটি অস্বীকার করে বলেন,“আমার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন। টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ নিয়ম মেনেই সম্পন্ন হয়েছে।”

এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, “অভিযোগপত্র হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।”

আরও খবর

Sponsered content