প্রতিনিধি ১৩ জুলাই ২০২৬ , ৪:৪৭:৫৯ প্রিন্ট সংস্করণ
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারিয়ে চাঙ্গা আর্জেন্টিনা। বুধবার আটলান্টায় সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। মাঠের লড়াই শুরুর আগেই এই হাইভোল্টেজ ম্যাচকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন উন্মাদনা।
ঐতিহাসিক এ ম্যাচের আগে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে একটি বিশেষ অনুরোধ জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বিশ্বকাপে আর্জেন্টিনার জাতীয় দলকে খুব কাছ থেকে কাভার করা ক্রীড়া সাংবাদিক গ্যাস্তোন এদুল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সি পরে খেলার জন্য আবেদন করেছে আর্জেন্টিনা।’ তবে ফিফা এখনও এই অনুরোধে চূড়ান্ত অনুমোদন দেয়নি। এদুল জানিয়েছেন, আগামী মঙ্গলবার ফিফার পক্ষ থেকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার দুটি স্মরণীয় জয়ই এসেছে নীল জার্সিতে। ১৯৮৬ সালের কোয়ার্টার ফাইনালে ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’র ম্যাচে আর্জেন্টিনার গায়ে ছিল নীল জার্সি। আবার ১৯৯৮ সালে টাইব্রেকারে ইংল্যান্ডকে বিদায় দেওয়ার ম্যাচেও তারা খেলেছিল একই রঙের জার্সি পরে। বিপরীতে ১৯৬২ ও ১৯৬৬ সালের বিশ্বকাপে আকাশি-সাদা জার্সি পরে ইংল্যান্ডের কাছে হেরেছিল আর্জেন্টিনা। স্বাভাবিকভাবেই, ইংল্যান্ডকে বধ করার সেই ‘টোটকা’ এবারও ফিরিয়ে আনতে চাইছে আর্জেন্টিনা শিবির।















