আইন-আদালত

নির্বাচনের আগে লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  নিজস্ব প্রতিবেদক: ২৮ অক্টোবর ২০২৫ , ৫:২২:০১ প্রিন্ট সংস্করণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্রের অধিকাংশ উদ্ধার হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “নির্বাচনের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধার হবে বলে আশা করছি। প্রতিনিয়ত অস্ত্র উদ্ধার করা হচ্ছে, যা অব্যাহত থাকবে।”

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। “নিজেদের জীবন ও স্বার্থের পরোয়া না করে এই বাহিনীর সদস্যরা নিষ্ঠা, দায়িত্ববোধ ও দেশপ্রেমে জাতির সেবায় নিয়োজিত আছেন,” বলেন তিনি।

তিনি আরও জানান, আসন্ন জাতীয় নির্বাচনে সবচেয়ে বেশি আনসার সদস্য নিয়োজিত থাকবে। “প্রতিটি ভোটকেন্দ্রে থাকবেন ১৩ জন আনসার সদস্য। এবারই প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় একজন আনসার সদস্য নিয়োজিত থাকবেন,” যোগ করেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দেশের সর্ববৃহৎ এই বাহিনীর সদস্যরা বিভিন্ন প্রয়োজনে যাতায়াতজনিত সমস্যার সম্মুখীন হন। তাঁদের ভোগান্তি লাঘব ও সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ট্রান্সপোর্ট সার্ভিস চালু করা হয়েছে।

আরও খবর

Sponsered content