নিজস্ব প্রতিবেদক: ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ১১:১১:২৩ প্রিন্ট সংস্করণ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন মেম্বার পদপ্রার্থী জি এম আমিনুল ইসলাম (বাবু)। ওয়ার্ডকে আধুনিক, উন্নত ও মাদকমুক্ত হিসেবে গড়ে তোলার বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়ে তিনি ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলছেন এবং এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করছেন।
প্রচারণাকালে আমিনুল ইসলাম বলেন, মেম্বার নির্বাচিত হলে তিনি ক্ষমতার প্রভাব নয়, জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে চান। এ সময় তিনি ওয়ার্ডের উন্নয়নে চার দফা পরিকল্পনার কথা তুলে ধরেন।
তার পরিকল্পনার মধ্যে রয়েছে—ওয়ার্ডের রাস্তাঘাট সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা; বয়স্ক, বিধবা ও অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দেওয়া; তরুণদের মাদক ও অনলাইন জুয়া থেকে দূরে রাখতে খেলাধুলার আয়োজন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে উদ্যোগ নেওয়া। পাশাপাশি ওয়ার্ডের মানুষের যেকোনো দুর্যোগ ও বিপদে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।
আমিনুল ইসলাম বলেন, ‘আমি এই ৫ নম্বর ওয়ার্ডের সন্তান। আপনাদের সুখে-দুঃখে অতীতেও ছিলাম, ভবিষ্যতেও পাশে থাকতে চাই। নির্বাচিত হলে ওয়ার্ডের প্রতিটি উন্নয়নমূলক কাজকে নিজের দায়িত্ব মনে করে করার চেষ্টা করব।’
এলাকার কয়েকজন ভোটার জানান, আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকায় স্থানীয়ভাবে তাঁর পরিচিতি রয়েছে। নির্বাচনে প্রার্থীদের প্রতিশ্রুতির পাশাপাশি এলাকার উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করার বিষয়টিকেই তাঁরা গুরুত্ব দিচ্ছেন।
এদিকে নির্বাচনকে সামনে রেখে ৫ নম্বর ওয়ার্ডে বিভিন্ন প্রার্থীর প্রচারণা ও ভোটারদের সঙ্গে মতবিনিময় বাড়তে শুরু করেছে। ফলে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই এলাকায় নির্বাচনী তৎপরতা বাড়ছে।





















