খেলাধুলা

ইমাদের বিরুদ্ধে প্রতারণা ও জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ সাবেক স্ত্রীর

  প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ৫:৪৪:১২ প্রিন্ট সংস্করণ

পাকিস্তানের সাবেক অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তার সাবেক স্ত্রী সানিয়া আশফাক। ইমাদ দ্বিতীয় বিয়ের বিষয়টি নিশ্চিত করার পরই সামাজিক মাধ্যমে তাকে ‘প্রতারক’, ‘সংসার ভাঙার নায়ক’ ও ‘খুনি’ বলে আখ্যা দেন সানিয়া।

৩৭ বছর বয়সী ইমাদ সম্প্রতি নাইলা রাজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এর কয়েক মাস আগেই তিনি সানিয়ার সঙ্গে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছিলেন। ২০১৯ সালে বিয়ে করা এই দম্পতির গত বছরের ডিসেম্বরে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়। ২০২৫ সালের জুলাইয়ে লন্ডনে ইমাদ ও নাইলাকে একসঙ্গে দেখা গেলে নতুন সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। সে সময় সানিয়া তাদের তৃতীয় সন্তানের গর্ভধারণে ছিলেন বলে জানা যায়।

সোমবার ইনস্টাগ্রামে একাধিক পোস্টে সানিয়া লেখেন, ‘এখন সবাই প্রমাণ দেখেছে। এই সংসার ভাঙার মানুষটি কখনোই আমার সন্তানদের কথা ভাবেনি। প্রতারক অবশেষে প্রকাশ্যে এসেছে। আমি আমার সন্তানদের জন্য এবং আমাদের ওপর যা গেছে তার ন্যায়বিচার চাই।’

আরেক পোস্টে তিনি দাবি করেন, ২০২৩ সালের ডিসেম্বরে লাহোরে ইমাদ তাকে জোরপূর্বক গর্ভপাত করাতে বাধ্য করেছিলেন। তিনি লেখেন, ‘সে একজন খুনি। এর প্রমাণ হিসেবে আমার কাছে ভিডিও আছে।” একই সঙ্গে আসন্ন পিএসএল মৌসুমের জন্য ইমাদকে দলে নেওয়ায় ইসলামাবাদ ইউনাইটেডের সমালোচনা করেন তিনি এবং বয়কটের আহ্বান জানান।

এ বিষয়ে ইমাদ এক বিবৃতিতে বলেন, প্রথম সংসার ভেঙে যাওয়ার সময়টি ছিল তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়গুলোর একটি। ‘একটি সম্পর্ক সফল না হওয়ার পর আমি জীবনের কঠিন সময় পার করেছি। তবে সেই অধ্যায় আমাকে আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ—আমার সন্তানদের—উপহার দিয়েছে। তাদের প্রতি আমার ভালোবাসা কখনো বদলাবে না।’

তিনি আরও যোগ করেন, `আমি প্রয়োজনের চেয়ে বেশি সময় থেকেছি, আশায় ছিলাম সব ঠিক হবে এবং যা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তা রক্ষা করার চেষ্টা করেছি। সেই প্রক্রিয়ায় কিছু সিদ্ধান্ত নিয়েছি, যার জন্য আমি অনুতপ্ত।‘

ইমাদ স্বীকার করেন, তার দেরি ও নীরবতার কারণে একজন নির্দোষ মানুষ অযথা সমালোচনার শিকার হয়েছেন। `এর সম্পূর্ণ দায়িত্ব আমি নিচ্ছি,’ বলেন তিনি।

সবশেষে তিনি জানান, `আল্লাহর রহমত ও বাবা-মায়ের দিকনির্দেশনায় আমি এখন নাইলাকে বিয়ে করেছি।‘

উল্লেখ্য, ইমাদ ওয়াসিম পাকিস্তানের হয়ে ৫৫টি ওয়ানডে ও ৭৫টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

আরও খবর

Sponsered content