জাতীয়

উলিপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

  প্রতিনিধি ২২ অক্টোবর ২০২৫ , ৪:২০:৩৭ প্রিন্ট সংস্করণ

মোহাইমিনুল ইসলামঃ সারা দেশের মতো কুড়িগ্রামের উলিপুর উপজেলাতেও বুধবার (২২ অক্টোবর) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল— “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি।”

দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিল্লুর রহমান। এসময় উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, বিভিন্ন পরিবহন মালিক, চালক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক ও যাত্রী উভয়ের সচেতনতা বৃদ্ধি জরুরি। ট্রাফিক আইন মেনে চলা, মানসম্মত হেলমেট ব্যবহার এবং গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা বলেন, “চালকদের উচিত ঘুম ঘুম ভাব বা অসুস্থ অবস্থায় গাড়ি না চালানো।” তিনি উলিপুর বাসটার্মিনাল ও ক্লাবঘর সংস্কারের আশ্বাসও প্রদান করেন।

প্রসঙ্গত, প্রতি বছর ২২ অক্টোবর সরকারিভাবে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ পালন করা হয়। প্রায় তিন দশক আগে, ১৯৯৩ সালের এই দিনে চট্টগ্রামের চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন নিহত হন। সেই থেকেই ইলিয়াস কাঞ্চন সড়ক নিরাপত্তা আন্দোলন শুরু করেন এবং প্রতিষ্ঠা করেন সামাজিক সংগঠন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’, যার মূল স্লোগান— “পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়।”

সরকারি কর্মসূচির পাশাপাশি নিসচাসহ বিভিন্ন সামাজিক সংগঠনও এ দিবস উপলক্ষে নানামুখী কার্যক্রম পালন করে আসছে।

আরও খবর

Sponsered content