প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৬ , ১:২০:৪৮ প্রিন্ট সংস্করণ
মানুষের জীবনে দুশ্চিন্তা, হতাশা, অলসতা কিংবা ভয় অনেক সময় আত্মবিশ্বাস ও কাজের আগ্রহ নষ্ট করে দেয়। এসব নেতিবাচক অবস্থা থেকে মুক্তি পেতে নবী করিম (সা.) একটি গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়েছেন। দোয়াটিতে একই সঙ্গে মানসিক অস্থিরতা, অক্ষমতা, অলসতা, ভীরুতা, কৃপণতা, ঋণের চাপ এবং মানুষের অত্যাচার থেকে আল্লাহর আশ্রয় চাওয়া হয়েছে।
দোয়াটি হলো, اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ وَالْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَالِ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজান, ওয়া আউযুবিকা মিনাল আজজি ওয়াল কাসাল, ওয়া আউযুবিকা মিনাল জুবনি ওয়াল বুখল, ওয়া আউযুবিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল।
অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে দুশ্চিন্তা ও দুঃখ থেকে আশ্রয় চাই। আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে, ভীরুতা ও কৃপণতা থেকে এবং ঋণের ভার ও মানুষের জুলুম থেকে।
এই দোয়াটি সহিহ বুখারিতে (হাদিস: ৬৩৬৯) বর্ণিত হয়েছে। এতে মানুষের জীবনকে দুর্বল করে দিতে পারে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ নেতিবাচক অবস্থা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়েছে।
দুশ্চিন্তা ও অতীতের দুঃখ
দোয়ায় প্রথমে এসেছে ‘হাম্ম’ ও ‘হাজান’। ‘হাম্ম’ বলতে ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত উদ্বেগ বা দুশ্চিন্তাকে বোঝানো হয়। অন্যদিকে ‘হাজান’ হলো অতীতের কোনো ঘটনা, ব্যর্থতা বা শোক নিয়ে গভীরভাবে কষ্ট পাওয়া। অতীতের দুঃখ এবং ভবিষ্যতের ভয় দুটিই মানুষের বর্তমান জীবন ও কাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
অক্ষমতা ও অলসতা
এরপর রয়েছে ‘আজয’ ও ‘কাসাল’। ‘আজয’ অর্থ অক্ষমতা বা কোনো কাজ সম্পাদনের সক্ষমতা না থাকা। আর ‘কাসাল’ হলো সক্ষমতা ও সুযোগ থাকা সত্ত্বেও কাজে উদ্যোগী না হওয়া বা গড়িমসি করা। অর্থাৎ, একটিতে সক্ষমতার ঘাটতি থাকে, অন্যটিতে সক্ষমতা থাকা সত্ত্বেও কর্মপ্রচেষ্টার অভাব দেখা যায়।
ভীরুতা ও কৃপণতা
দোয়ায় ‘জুবন’ ও ‘বুখল’ থেকেও আশ্রয় চাওয়া হয়েছে। ‘জুবন’ অর্থ ভীরুতা যা মানুষকে কঠিন পরিস্থিতিতে সাহসী সিদ্ধান্ত নিতে বাধা দিতে পারে। আর ‘বুখল’ অর্থ কৃপণতা বা প্রয়োজনীয় ক্ষেত্রে সম্পদ ব্যয় করতে অনীহা। ইসলাম মানুষের মধ্যে সাহস, উদারতা ও দায়িত্বশীলতার গুণাবলি গড়ে তুলতে উৎসাহিত করেছে।
ঋণের চাপ ও মানুষের জুলুম
সবশেষে রয়েছে ঋণের বোঝা ও মানুষের প্রভাব-প্রতিপত্তি বা জুলুম থেকে আশ্রয় চাওয়ার বিষয়টি। অতিরিক্ত ঋণ মানুষের ওপর মানসিক চাপ তৈরি করতে পারে এবং তাকে অন্যের ওপর নির্ভরশীল করে তুলতে পারে। একইভাবে অন্যায়ভাবে কারও কর্তৃত্ব বা অত্যাচারের শিকার হওয়াও মানুষের স্বাধীনতা ও আত্মমর্যাদাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
তাই এই দোয়ায় শুধু মানসিক কষ্ট থেকে মুক্তির আবেদনই নেই; বরং একজন মানুষের আত্মবিশ্বাস, কর্মপ্রেরণা, সাহস, উদারতা ও আত্মমর্যাদা রক্ষার জন্যও আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়েছে। নিয়মিত দোয়া পড়ার পাশাপাশি জীবনে ইতিবাচক পরিবর্তনের জন্য প্রয়োজনীয় চেষ্টা করাও জরুরি।





















