স্টাফ রিপোর্টার: ১৬ মে ২০২৬ , ৯:৩৪:৪২ প্রিন্ট সংস্করণ
ঢাকার বকশীবাজারে আহমদীয়া মুসলিম জামা’ত বাংলাদেশের জাতীয় কার্যালয় প্রাঙ্গণে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) বিকেল ৩টায় আয়োজিত এ সম্মেলনে বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা অংশ নিয়ে নিজ নিজ ধর্মে শান্তি, সহনশীলতা ও সম্প্রীতির শিক্ষা তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহমদীয়া মুসলিম জামা’ত বাংলাদেশের ন্যাশনাল আমীর আলহাজ মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
সম্মেলনে আহমদীয়া জামা’তের বক্তারা বিশ্ব আহমদীয়া খলীফার জুমার খুতবার বক্তব্য তুলে ধরে বলেন, মুসলিম দেশগুলোর উচিত সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য পরাশক্তির ওপর নির্ভরশীল না হয়ে নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলা এবং চলমান সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ নেওয়া।
তারা আরও বলেন, বিশ্বাসগত ছোটখাটো পার্থক্য দূরে রেখে বৃহত্তর মানবিক স্বার্থে একসঙ্গে কাজ করা প্রয়োজন।
বক্তারা বলেন, পবিত্র কুরআনের শিক্ষা অনুযায়ী শান্তি প্রতিষ্ঠার যেকোনো সুযোগ গ্রহণ করা উচিত, তা যত সীমিতই হোক না কেন। পাশাপাশি বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আন্তরিক ও নিঃস্বার্থ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক সুনন্দপ্রিয় ভিক্ষু বলেন, “গৌতম বুদ্ধের অনুসারী হিসেবে আমরা সবসময় বিশ্বের সকল প্রাণীর সুখ ও শান্তি কামনা করি।”
রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী দেবাধ্যানান্দ বলেন, “প্রত্যেক ধর্মই অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের শিক্ষা দেয়। বিভিন্ন ধর্মের মধ্যে সমন্বয় সৃষ্টি হলে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব।”
রমনা-কাকরাইল ক্যাথলিক চার্চের ধর্মযাজক ড. ফাদার তপন ক্যামিলাস ডি রোজারিও বলেন, “ধর্ম কখনো অসহিষ্ণুতা ও সংঘাতকে সমর্থন করে না। প্রকৃত ধর্ম মানুষকে ন্যায়বোধ, মানবিকতা ও শান্তির পথে পরিচালিত করে।”
অনুষ্ঠানে আহমদীয়া জামা’তের পক্ষ থেকে বক্তব্য দেন অধ্যাপক ড. আব্দুল্লাহ শামস বিন তারেক, মোহাম্মদ মোস্তফা আলী জিসান এবং ন্যাশনাল আমীর আলহাজ মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী।
এছাড়াও বিভিন্ন ধর্মীয় প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষে বিশ্ব শান্তি ও মানবকল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সম্মেলন উপলক্ষে আহমদীয়া মুসলিম জামা’তের উদ্যোগে ৭৬টি ভাষায় অনূদিত পবিত্র কুরআনের একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়।




















