প্রতিনিধি ২৯ আগস্ট ২০২৬ , ১২:৪৯:৪৬ প্রিন্ট সংস্করণ
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি বলেছেন, ‘এআই দিয়ে কোনোভাবেই আদালতের রায় লেখা যাবে না। এআই দিয়ে রায় লেখা অনুচিত কাজ। এতে রায়ের প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হতে পারে।’
আজ শনিবার রাজধানীর এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ মিলনায়তনে দেশের প্রথম এআই গভর্নেন্স সামার স্কুল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, ‘এআই কোথায় এবং কতটুকু ব্যবহার করা যাবে, সে বিষয়ে একটি কার্যকর আইন ও নীতিমালা প্রণয়ন প্রয়োজন। মানুষের জীবন সহজ করা এবং মৌলিক অধিকার সুরক্ষার লক্ষ্যেই এআই ব্যবহার করতে হবে।’
বিচারকদের উদ্দেশে জুবায়ের রহমান চৌধুরী বলেন, ‘বাংলাদেশে এআই ব্যবহারে একটি আইনগত কাঠামো থাকা প্রয়োজন। এআই দিয়ে রায় লেখা অনুচিত কাজ। এতে রায়ের প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হতে পারে। এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার যাতে ক্ষুণ্ন না হয় এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।’
এ সময় উপস্থিত সকলের উদ্দেশে আরও নানা পরামর্শ দেন প্রধান বিচারপতি।
অনুষ্ঠানে মানুষের দৈনন্দিন কাজে এআইয়ের ব্যবহার নিয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের ডিনসহ বক্তারা।





















