নেত্রকোনা প্রতিনিধি: ১৯ জানুয়ারি ২০২৬ , ৫:০৫:২৩ প্রিন্ট সংস্করণ
নেত্রকোনার কলমাকান্দায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৯ জানুয়ারি) নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা. মরিয়ম মুন মুঞ্জুরি এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর) আবুল হাসেম রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালে নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামের রুক্কু মিয়ার সঙ্গে কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের কৈলাটি গ্রামের রুবিনা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে দুই কন্যা সন্তান রয়েছে। তবে সংসার জীবনের শুরু থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনার অভাব থাকায় প্রায়ই কলহ চলত।
একপর্যায়ে অভিমান করে রুবিনা আক্তার বাবার বাড়িতে চলে যান। ২০২১ সালের ১৫ মে স্ত্রীকে ফিরিয়ে আনার উদ্দেশ্যে স্বামী রুক্কু মিয়া শ্বশুরবাড়িতে যান। ওই রাতে রুক্কু মিয়া নিহত হন। এ ঘটনায় তার ছোট ভাই মো. আসাদ মিয়া বাদী হয়ে কলমাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি রুবিনা আক্তারকে মৃত্যুদণ্ড প্রদান করেন।
রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাসেম বলেন, “এটি একটি গুরুতর হত্যাকাণ্ড। মামলার সাক্ষ্য-প্রমাণ ও উপস্থাপিত আলামত পর্যালোচনা করে আদালত ন্যায়বিচার নিশ্চিত করেছেন। এই রায়ের মাধ্যমে সমাজে একটি শক্ত ও ইতিবাচক বার্তা যাবে।”
রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে।




















