রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:৩৭:৩৪ প্রিন্ট সংস্করণ
পার্বতীপুর এলাকায় ভুট্টা চাষ নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। বিশেষ করে সুইটকর্ন বা মিষ্টি ভুট্টা চাষে কৃষকদের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সুইটকর্ন চাষ ভবিষ্যতে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ধান ও গমের পাশাপাশি পার্বতীপুরের কৃষকরা এখন ভুট্টা চাষে ঝুঁকছেন। স্বল্প সময়ে কম খরচে বেশি লাভের সম্ভাবনা থাকায় এ অঞ্চলে ভুট্টা চাষের পরিধি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
স্পেন বাংলাদেশ এগ্রো লিমিটেড-এর সহায়তায় উপজেলায় সুইটকর্ন চাষে নতুন গতি এসেছে। প্রতিষ্ঠানটি উন্নত জাতের বীজ, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং কারিগরি পরামর্শ প্রদান করছে। চুক্তিভিত্তিক চাষের মাধ্যমে কৃষকরা আগাম মূল্য ও বিক্রির নিশ্চয়তা পাচ্ছেন, যা সুইটকর্ন চাষে আগ্রহ আরও বাড়াচ্ছে।
এ মৌসুমে পার্বতীপুরের ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৫,৩২৮ হেক্টর জমিতে ভুট্টা আবাদ হয়েছে। এর মধ্যে ১২৭ হেক্টর জমিতে সুইটকর্ন চাষ করা হয়েছে। কৃষক ও কৃষি কর্মকর্তারা এবারের ফলনকে বাম্পার উল্লেখ করেছেন।
সরেজমিনে দেখা গেছে, বিস্তীর্ণ মাঠজুড়ে সবুজ ভুট্টাক্ষেত। কৃষকরা বর্তমানে জমি পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। উপজেলার ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়নের বড় হরিপুর সাহাপাড়া গ্রামের ভুট্টা চাষি মো. আ. মতিন বলেন, “অনুকূল আবহাওয়া, সময়মতো সার ও সেচ এবং সঠিক পরিচর্যার কারণে এ বছর ফলন আশানুরূপের চেয়েও বেশি হবে। আগামী বছর আরও বেশি জমিতে ভুট্টা চাষের পরিকল্পনা করছি।”
মন্মদপুর ইউনিয়নের কৃষক মো. আ. রহমান জানিয়েছেন, তিনি আগে ২ বিঘা জমিতে ভুট্টা চাষ করলেও এবার ৪ বিঘা জমিতে আবাদ করেছেন।
ফিল্ড সুপারভাইজার শাহাবুদ্দিন বলেন, “নিয়মিত জমি পরিদর্শন এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণের কারণে কৃষকরা ভালো ফলন পাচ্ছেন। প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া অব্যাহত আছে।”
পার্বতীপুর উপজেলা কৃষি অফিসার মো. রাজিব হুসাইন বলেন, “কম খরচে বেশি লাভের আশায় কৃষকরা বোরো ধানের জমিতে আগাম জাতের ও অধিক ফলনশীল ভুট্টা চাষ করছেন। রোগবালাই দমন এবং মাঠ পর্যায়ে পরামর্শের মাধ্যমে আমরা তাদের সহায়তা প্রদান করছি।”
স্থানীয়রা মনে করছেন, এ ধারা অব্যাহত থাকলে পার্বতীপুরে ভুট্টা চাষ আরও সম্প্রসারিত হবে। সুইটকর্ন প্রক্রিয়াজাত ও রপ্তানির সুযোগ সৃষ্টি হলে কৃষকের আর্থিক উন্নয়ন হবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন দিগন্তও উন্মোচিত হবে।




















