অপরাধ

প্রবাসীর জমি দখল, বাধা দেওয়ায় হামলা: গাজীপুরে ছুটিতে দেশে ফেরা প্রবাসী গুরুতর আহত

  মোঃ নুরুজ্জামান শেখ স্টাফ রিপোর্টারঃ ৩ নভেম্বর ২০২৫ , ৩:৩৪:০০ প্রিন্ট সংস্করণ

গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া খণ্ড গ্রামে প্রবাসী ফারুক হোসেনের জমি অবৈধভাবে দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় চিহ্নিত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। বাধা দেওয়ার চেষ্টা করলে প্রবাসী ফারুক হোসেনকে আক্রমণ করা হয়। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নোয়াখালীর বাসিন্দা ফারুক হোসেন দীর্ঘ বছর সৌদি আরবে কর্মরত। তার অনুপস্থিতির সুযোগ নিয়ে কেওয়া খালের কিছু দুষ্কৃতিকারী তার পৈতৃক ও ক্রয় করা জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণ শুরু করে। অভিযোগ, রাস্তাটি মূলত তাদের নিজস্ব সুবিধার্থে তৈরি করা হচ্ছিল।

দেশে ছুটিতে ফিরে ফারুক হোসেন নির্মাণ কাজে বাধা দিতে গেলে দুষ্কৃতিকারীরা জোটবদ্ধ হয়ে তার উপর হামলা চালায়। ধারালো অস্ত্র ও লাঠিসোঁটায় আঘাত প্রাপ্ত তিনি গুরুতর আহত হন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আহত প্রবাসী ফারুক হোসেন বলেন, “আমি দেশের বাইরে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করি। অথচ আমার নিজের জমিতে জোর করে রাস্তা বানিয়েছে। বাধা দিতে গেলে তারা আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে। দেশে এসেও নিরাপদ নই। দ্রুত তাদের আইনের আওতায় আনার দাবি করছি।”

প্রবাসীর পরিবার শ্রীপুর মডেল থানায় তসলিম ড্রাইভার, আলী হোসেন, মস্তু মিয়া ও কামরুলসহ একাধিক দুষ্কৃতিকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে অবৈধ জমি দখল ও হত্যার উদ্দেশ্যে মারধরের বিষয় উল্লেখ করা হয়েছে।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, “আমরা অভিযোগ পেয়েছি এবং দ্রুত তদন্ত শুরু করেছি। দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে প্রবাসীর সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা হবে।”

স্থানীয় সচেতন মহল উদ্বেগ প্রকাশ করে বলেছেন, প্রবাসীরা দেশে বিনিয়োগ করে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন, অথচ তাদের সম্পত্তি সুরক্ষিত নয়। তারা সরকারের কাছে প্রবাসীদের জানমাল ও সম্পত্তি নিরাপদ করার দাবি জানিয়েছেন।

আরও খবর

Sponsered content