প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ৩:০৫:৪৭ প্রিন্ট সংস্করণ
কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের বাজিতপুর উপজেলার হালিমপুর এলাকায় মো. কাইয়ুম (৬০) নামের স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বিএনপি সমর্থকদের বিরুদ্ধে । বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়ন পরিষদের পেছনে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় কাইয়ুমকে উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হালিমপুর এলাকার প্রয়াত সাহেব আলীর ছেলে।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে হালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবালের হাঁস প্রতীকের সমর্থক মো. কাইয়ুম। এ সময় ধানের শীষের সমর্থকরা বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে কাইয়ুমের ওপর হামলা চালায় এবং কুপিয়ে জখম করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়।





















