কুড়িগ্রাম প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৬ , ১:২১:৩৬ প্রিন্ট সংস্করণ
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুড়িগ্রামে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার একুশের প্রথম প্রহরে (রাত ১২টা ০১ মিনিটে) কুড়িগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনার-এ ভাষা শহিদদের স্মরণে বিনম্র শ্রদ্ধায় পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
প্রথমে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এবং পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী, পিপিএম, শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয় নাগরিক পার্টি, কুড়িগ্রাম প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠান শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানায়।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে ভাষা শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এদিকে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সকল মসজিদ, মন্দির, গির্জাসহ অন্যান্য উপাসনালয়ে ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা।
শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে ভাষা আন্দোলনের স্মৃতিময় ইতিহাস তুলে ধরেন ভাষাসৈনিক সামিউল হক নান্টু।
আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী পিপিএম, ডেপুটি সিভিল সার্জন আ ন ম মোহাইমেন, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশিদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নিজাম উদ্দিন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সাংবাদিক আশরাফুল হক রুবেল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
পরে দিবসটির সঙ্গে সংগতিপূর্ণ চিত্রাঙ্কন, আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।




















