হৃদয় রায়হান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৬ , ১১:৩৫:৫৫ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাফিক বোর্ডের উদ্যোগে কুষ্টিয়া ও মেহেরপুর জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের মধ্যে মোট ২ কোটি ৮০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে দুই জেলার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে মোট ৭০টি চেক বিতরণ করা হয়। এর মধ্যে কুষ্টিয়া জেলায় ৪৮টি চেকের বিপরীতে ১ কোটি ৯৮ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এতে আহতদের জন্য ১৩টি চেকে ২৩ লাখ টাকা এবং নিহতদের পরিবারের জন্য ৩৫টি চেকে ১ কোটি ৭৫ লাখ টাকা প্রদান করা হয়।
অন্যদিকে মেহেরপুর জেলায় ২২টি চেকের মাধ্যমে মোট ৮২ লাখ টাকা সহায়তা দেওয়া হয়। এর মধ্যে আহতদের জন্য ৮টি চেকে ১২ লাখ টাকা এবং নিহতদের পরিবারের জন্য ১৪টি চেকে ৭০ লাখ টাকা প্রদান করা হয়।
সব মিলিয়ে কুষ্টিয়া ও মেহেরপুর জেলার সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে মোট ২ কোটি ৮০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরটিএর পরিচালক ও যুগ্ম সচিব রুবায়েত আশিক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, বিআরটিএ খুলনার পরিচালক মো. জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।














